ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে কলম বিরতি সাময়িক স্থগিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল পাঁচ দিন ধরে এই কলম বিরতি চলছিল।
সোমবার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। ২০ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
সংগঠনটির দাবিগুলো হল- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারি আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসনের সংস্কার নিশ্চিত করা।
