মুক্তদেশ ডেস্ক: দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে ব্রেন টিউমারের জটিল ও নিবিড় চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাঁর সাথে ছিলেন স্ত্রী ও জামাতা।
দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল মাস থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন। সেখানে লন্ডনের একটি হাসপাতালে নিবিড় চিকিৎসা নেওয়ার পাশাপাশি তাঁর মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। সে সময় চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ সফলভাবে অপসারণ করতে সক্ষম হলেও কিছু ঝুঁকির কারণে পুরো টিউমারটি অপসারণ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে তাঁর ব্রেন ক্যানসার ধরা পড়ে।
অস্ত্রোপচারের পর থেকে বরেণ্য এই অভিনেতাকে দীর্ঘ ও কষ্টদায়ক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপির ধকল সামলাতে হয়েছে তাঁকে। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
