খেলা ডেস্ক: পাকিস্তান সফরের পূর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার দলের প্রথম বহরের সঙ্গে দেশ ছেড়েছিলেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। দলের বাকিরা স্বাভাবিক নিয়মে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারলেও এই দুই তরুণ ক্রিকেটার আটকা পড়েন! তিনদিন আটকে থাকার পর শুক্রবার রাতে তারা দলের সঙ্গে যোগ দেন।
বিস্ময়কর হলেও সত্য, দুবাই বিমানবন্দরে রিশাদ-নাহিদের আটকে পড়ার কারণ জানে না বিসিবি! বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘১৪ তারিখ দলের সঙ্গেই গিয়েছিল রিশাদ ও নাহিদ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সবাই বের হলেও, ওদের দুজনকে তখন অনুমতি দেওয়া হয়নি। বরং ওদের কাগজপত্র দেখে ওপরে নিয়ে যাওয়া হয়। একটা পর্যায়ে ওদের সঙ্গে যোগাযোগও করতে পারছিলাম না। ওদের বাংলাদেশ থেকে ঠিকঠাক ভিসা করিয়েই পাঠানো হয়েছে। কিন্তু ওদের কেন আটকে দেওয়া হয়েছিল, সেটি আসলে নিশ্চিত নই।’
