অর্থনৈতিক ডেস্ক: আগামী অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগ কাজ করছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের সময়ে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে।
এটি চালু হলে চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা কার্যকরের দাবি করে আসছিল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ। পরিষদের নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকরের দাবি ছিল।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি আমিও শুনেছি। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে ভাতার পরিমাণ আরও একটু বেশি হলে ভালো হতো।
