গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই মহাসড়কটিতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জাহিদুল মোল্লার ছেলে ট্রাক ড্রাইভার শামীম (৩৫), খুলনা জেলার দাকোপ উপজের বানিসান্তা এলাকার নিরাপদ সরকারে ছেলে মানব সরকার (৪৮) ও খুলনার ডুমুরিয়া উপজেলার উলো গ্রামের শফিকুল মোল্লার ছেলে বাসের সহকারী রাব্বি মোল্লা (২০)। নিহত শামীম ও মানব সরকার ঘটনাস্থলেই মারা যান আর রাব্বি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ মে) সকালে মারা যান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন লাইজু (২৮) ,চম্পা (২৬), আসিফ (৩৩), মিজান (৩৪), মারজিয়া (৮), খলিল (৪২), আব্দুল হাকিম (৩১) ও খোরশেদ আলম (৩৫)। বাকিদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।