ডেস্ক রিপোর্ট: আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং ‘জাতীয় যুবশক্তি’। শুক্রবার (১৬ মে) বিকেলে গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই প্ল্যাটফর্মটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
‘জাতীয় যুবশক্তির’ ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমিটির সদস্য সচিব হিসেবে ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নির্বাচিত হয়েছেন। ‘জাতীয় যুবশক্তির’ পূর্ণাঙ্গ এই আহ্বায়ক কমিটি হবে ১৩১ সদস্যের।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ‘আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে- যার সূচনা হয়েছিল ১৯৪৭ সালের উপনিবেশবিরোধী আজাদির লড়াইয়ে, পরবর্তীতে পরিণত হয়েছে ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামে, আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে ২০২৪ এর ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে।