ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন—হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের ছাত্র ও ভুক্তভোগীর সহপাঠী শামীম হোসেন এবং তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ।
প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ সাংবাদিকদের জানান, আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। কলেজে ভর্তি হওয়ার পর থেকে সহপাঠী শামীম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ছাত্রীটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
