বিনোদন ডেস্ক: ‘আলী’ কানে জায়গা করে নেওয়ায় আনন্দিত সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এটা সে রকমই।
প্রায় ১৮ বছর আগে একদিন যখন আদনান মহাখালীতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন আমি দেখেছিলাম এমন এক তরুণকে, যার চোখে ছিল স্বপ্ন, যে নিজের ছাপ রেখে যেতে চায়! সে যখন ফোন করে জানাল, তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, তখন মনে হয়েছে, আমি চাঁদ ছুঁয়ে ফেলেছি।”
ফারুকী আরও লিখেছেন, “এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ এটিই প্রথম কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা কান-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে! যে কোনো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার এমন অর্জনে আমি সমানভাবে খুশি হতাম। কিন্তু যখন এমন গর্বের খবর নিজের ‘পরিবার’ থেকে আসে, তখন আবেগ আড়াল করা যায় না।
এটা আমার ভাই-বন্ধুদের মধ্য থেকে এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের খবর! কিন্তু আমি জানি, এটাই শেষ নয়। এর পরে আরও অনেক কিছু আসছে।” পোস্টের মন্তব্যের ঘরে রাজীব লিখেছেন, ‘আপনি আমাকে চলচ্চিত্র নির্মাণ শেখার সুযোগ না দিলে এটা কখনোই সম্ভব হতো না। চলচ্চিত্র নির্মাতা আমি আজ যা-ই কিছু হয়েছি, তা আপনার দিকনির্দেশনা ছাড়া কোনো দিন সম্ভব হতো না, এ জন্য আপনার কাছে কৃতজ্ঞ।’