মুুক্তদেশ ডেস্ক: ইতিহাসে এমন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধান রয়েছেন, যাদের শাসনের অবসান ঘটেছে নিজ দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে। তাদের দেশত্যাগের পেছনে ছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু পরিণতি ছিল প্রায় একই। ক্ষমতা হারিয়ে ঠাঁই হয়েছে নির্বাসনে। আমাদের আজকের আয়োজনে রয়েছে তেমনই কয়েকজন শাসকের দেশ ছাড়ার গল্প। জানাচ্ছেন ইসলাম সীমান্ত
শেখ হাসিনা বাংলাদেশ : ২০২৪
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে সরকার পতনের গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ব্যাপক বিক্ষোভ-প্রাণহানির মধ্যে তিনি সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা ওই রায় প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। ২০২৬ সালের নভেম্বরেও তিনি ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তাঁর প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও ভারত এখন পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণের দাবিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে একসময় টানা ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন নির্ভর করছে ভারতের অবস্থান, বাংলাদেশের বিচারপ্রক্রিয়া এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর।
আসকার আকায়েভ কিরগিজস্তান : ২০০৫
দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে মাত্র কয়েক দিনের গণবিক্ষোভে। দুর্নীতি, স্বজনপ্রীতি, কর্তৃত্ববাদী শাসন ও নির্বাচনে কারচুপির অভিযোগে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে ছড়িয়ে পড়েছিল ব্যাপক আন্দোলন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা রাজধানীর প্রেসিডেন্ট কার্যালয় দখল করলে ক্ষমতা ধরে রাখতে পারেননি দেশটির প্রেসিডেন্ট আসকার আকায়েভ। ২০০৫ সালের ২৪ মার্চ পরিবারসহ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি। ঘটনাটি ইতিহাসে পরিচিতি পায় টিউলিপ বিপ্লব নামে।
১৯৯০ সালে কিরগিজ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন আসকার আকায়েভ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীন কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শুরুতে তুলনামূলক উদারপন্থি ও সংস্কারমুখী নেতা হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে তার শাসনব্যবস্থায় কর্তৃত্ববাদী প্রবণতা বাড়তে থাকে। বিরোধীদের ওপর চাপ সৃষ্টি, সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা এবং পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষমতা ও অর্থনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে।
তার পতনের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে ২০০৫ সালের সংসদ নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বিরোধীরা দাবি করে, আকায়েভ নিজের অনুগতদের নিয়ে সংসদ গঠনের চেষ্টা করছেন। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রথমে দক্ষিণাঞ্চলের ওশ ও জালাল-আবাদ শহরে বিক্ষোভ শুরু হয়। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী বিশকেকসহ বিভিন্ন এলাকায়।
২৪ মার্চ হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর কেন্দ্রীয় সরকারি ভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আকায়েভ পরিবারসহ দেশ ছাড়েন। প্রথমে তার গন্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় পৌঁছেন। দেশটির প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন তাকে রাশিয়ায় থাকার সুযোগ দেন।
দেশত্যাগের পরও আকায়েভ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। ৪ এপ্রিল মস্কোয় কিরগিজ দূতাবাসে দেশটির সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। ১১ এপ্রিল কিরগিজস্তানের সংসদ তার পদত্যাগ গ্রহণ করে। এর মধ্য দিয়ে দেশটির প্রথম প্রেসিডেন্টের দীর্ঘ শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে।
আকায়েভের পতনের পর কুরমানবেক বাকিয়েভ অন্তর্র্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ২০০৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। টিউলিপ বিপ্লব মধ্য এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়া দেশগুলোর মধ্যে এটিই ছিল গণ-আন্দোলনের মাধ্যমে কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ১৬ বছর নির্বাসনে কাটানো এই নেতা শেষ পর্যন্ত দেশে ফেরার সুযোগ পেয়েছেন। তার বিরুদ্ধে চলা মামলাও বন্ধ হয়েছে। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে সাবেক প্রেসিডেন্টের মর্যাদা ফিরে পাওয়ার আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে।
দে লোসাদা বলিভিয়া : ২০০৩
প্রাকৃতিক গ্যাস রপ্তানির পরিকল্পনাকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভ শেষ পর্যন্ত প্রেসিডেন্টের পতন ডেকে আনে। আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারায় বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ২০০৩ সালের ১৭ অক্টোবর পদত্যাগ করেন প্রেসিডেন্ট গনজালো সানচেজ দে লোসাদা। পরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন তিনি। ২০০২ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো বলিভিয়ার প্রেসিডেন্ট হন সানচেজ দে লোসাদা। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। অর্থনৈতিক সংস্কার ও বেসরকারিকরণের পক্ষে অবস্থান নেওয়া এই নেতার বিরুদ্ধে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ উপেক্ষার অভিযোগ ছিল। দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সমর্থিত অর্থনৈতিক সংস্কার, কর বৃদ্ধি এবং কোকো চাষ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়ে অসন্তোষ আরও বাড়ে। সংকটের বড় কারণ হয়ে ওঠে প্রাকৃতিক গ্যাস রপ্তানির পরিকল্পনা। সরকার বলিভিয়ার গ্যাস চিলির বন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে রপ্তানির উদ্যোগ নেয়। ঐতিহাসিকভাবে চিলির সঙ্গে বলিভিয়ার বিরোধ থাকায় এই পরিকল্পনার বিরুদ্ধে জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন তীব্র হতে থাকে। শ্রমিক সংগঠন, আদিবাসী জনগোষ্ঠী ও বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মঘট এবং সড়ক অবরোধ শুরু করে। অক্টোবরে রাজধানী লা পাজ ও পাশের এল আলতো শহরে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। বিক্ষোভ দমনে সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে সেপ্টেম্বর ও অক্টোবরের সহিংসতায় ৬৭ জন নিহত এবং চার শতাধিক আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। ক্রমাগত জনরোষ ও রাজনৈতিক মিত্রদের সমর্থন হারিয়ে ১৭ অক্টোবর পদত্যাগ করেন সানচেজ দে লোসাদা। প্রথমে হেলিকপ্টারে রাজধানী লা পাজ ছাড়েন তিনি। পরে বলিভিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। তার স্থলাভিষিক্ত হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কার্লোস মেসা। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন শুরু হলেও বলিভিয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হয়।
ফার্দিনান্দ ফিলিপাইন : ১৯৮৬
প্রায় দুই দশকের শাসন, সামরিক আইন জারি, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতির অভিযোগ। এসব কিছুর অবসান ঘটেছিল চার দিনের গণ-অভ্যুত্থানে। ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে রাজপথে নেমে আসা লাখো মানুষ। শেষ পর্যন্ত পরিবারসহ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আশ্রয় নেন তিনি।
১৯৬৫ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কোস। ১৯৬৯ সালে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার পর ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর দেশে সামরিক আইন জারি করেন। এর মাধ্যমে কার্যত স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন তিনি। বিরোধী রাজনীতিকদের গ্রেপ্তার, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তে থাকে। একই সঙ্গে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ ওঠে। ১৯৮৩ সালের ২১ আগস্ট বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো জুনিয়র হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় মার্কোস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়। ১৯৮৬ সালের ৭ ফেব্রুয়ারি আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মার্কোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাকুইনোর স্ত্রী কোরাজন অ্যাকুইনো। নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে। বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। ২২ ফেব্রুয়ারি প্রতিরক্ষামন্ত্রী হুয়ান পন্সে এনরিলে ও সামরিক বাহিনীর উপপ্রধান ফিদেল রামোস মার্কোসের বিরুদ্ধে অবস্থান নেন। তাদের সমর্থনে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। ক্যাথলিক চার্চের গুরুত্বপূর্ণ নেতারাও আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। রাজধানী ম্যানিলার এডসা সড়ক হয়ে ওঠে গণ-আন্দোলনের কেন্দ্র। ইতিহাসে ঘটনাটি পরিচিতি পায় পিপল পাওয়ার বিপ্লব নামে। ২৫ ফেব্রুয়ারি মার্কোস ও কোরাজন অ্যাকুইনো দুজনই পৃথক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে দ্রুত পরিস্থিতি মার্কোসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই দিন সন্ধ্যায় মার্কোস, তার স্ত্রী ইমেলদা এবং পরিবারের সদস্যদের মার্কিন হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ক্লার্ক বিমানঘাঁটি হয়ে গুয়াম পেরিয়ে ২৬ ফেব্রুয়ারি হাওয়াইয়ের হনলুলুতে পৌঁছেন তারা।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে নির্বাসিত জীবন কাটানোর সময়ও ফিলিপাইনের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন মার্কোস। তবে দেশে ফেরার সুযোগ আর পাননি।
কুরমানবেক বাকিয়েভ কিরগিজস্তান : ২০১০
রাজপথে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টার পরিণতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ। ২০১০ সালের এপ্রিলের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে তার সরকারের পতন ঘটে। প্রথমে প্রতিবেশী কাজাখস্তানে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত বেলারুশে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। মধ্য এশিয়ার এই দেশটিতে ক্ষমতার পালাবদলের ঘটনা পরিচিতি পায় এপ্রিল বিপ্লব নামে। ২০০৫ সালের টিউলিপ বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন বাকিয়েভ। শুরুতে গণতান্ত্রিক সংস্কার ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও সময়ের সঙ্গে তার সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাড়তে থাকে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পরিবারের সদস্যদের নিয়োগ এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন নিয়ে অসন্তোষ তৈরি হয়। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ২০১০ সালের শুরুতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো এবং সরকারি দমন-পীড়ন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ৬ এপ্রিল পশ্চিমাঞ্চলীয় তালাস শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে। পরদিন ৭ এপ্রিল রাজধানী বিশকেকসহ বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৮০ জন নিহত হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নিয়ন্ত্রণে নিলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। বাকিয়েভ রাজধানী ছেড়ে নিজের রাজনৈতিক ঘাঁটি দক্ষিণাঞ্চলের জালাল-আবাদে আশ্রয় নেন। সেখান থেকে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক মধ্যস্থতায় দেশত্যাগে সম্মত হন। ১৫ এপ্রিল তিনি কাজাখস্তানে চলে যান। সেখানে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পরে ১৯ এপ্রিল বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেন তিনি। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে ও তার পরিবারের সদস্যদের আশ্রয় দেন।
তবে নির্বাসনে গিয়েও বাকিয়েভ নিজের পদত্যাগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। ২১ এপ্রিল তিনি দাবি করেন, পরিবারের নিরাপত্তার প্রতিশ্রুতি রক্ষা না করায় তার পদত্যাগ কার্যকর নয়। কিন্তু কিরগিজস্তানে তত দিনে নতুন অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে।
গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর বাকিয়েভ শুধু দেশ ছাড়তে বাধ্য হননি, নিজ দেশেই ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে বেলারুশের প্রেসিডেন্টের আশ্রয়ে তিনি এখনও মুক্ত জীবন কাটাচ্ছেন। তার দেশে ফেরা এবং বিচারের মুখোমুখি হওয়া এখনও অনিশ্চিত।
রেজা শাহ পাহলভি ইরান : ১৯৭৯
৩৭ বছরের শাসনের অবসান ঘটেছিল এক ঐতিহাসিক গণবিপ্লবের মুখে। রাজপথে লাখো মানুষের বিক্ষোভ, শ্রমিকদের ধর্মঘট এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের আশঙ্কায় ক্ষমতা ধরে রাখতে পারেননি ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভি। ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়েন তিনি। প্রথমে মিসরে আশ্রয় নিলেও পরবর্তী সময়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয় তাকে। ১৯৪১ সালে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সামরিক হস্তক্ষেপের পর তার বাবা রেজা শাহ পাহলভি সিংহাসন ছাড়তে বাধ্য হন। এরপর মাত্র ২১ বছর বয়সে ইরানের সম্রাট হন মোহাম্মদ রেজা শাহ। ১৯৫৩ সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ভূমিকার পর তার ক্ষমতা আরও সুসংহত হয়। পরবর্তী সময়ে আধুনিকায়নের নামে ভূমি সংস্কার, নারীর ভোটাধিকার ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেন তিনি। তবে রাজনৈতিক বিরোধীদের দমন, গোপন পুলিশ সংস্থা সাভাকের নির্যাতন, দুর্নীতি এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৮ সালে সেই ক্ষোভ দেশজুড়ে গণ-আন্দোলনে রূপ নেয়। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্বাসনে থেকেও আন্দোলনে নেতৃত্ব দেন। একই বছরের ৮ সেপ্টেম্বর তেহরানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত হয়। ঘটনাটি ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিতি পায়। এরপর শ্রমিক ধর্মঘট, বিশেষ করে তেলশিল্পে কর্মবিরতি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে শাহ বিরোধীদের দাবির মুখে প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ারকে দায়িত্ব দিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। ১৬ জানুয়ারি তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে স্ত্রী ফারাহ পাহলভিকে নিয়ে মিসরের আসওয়ানের উদ্দেশে রওনা হন তিনি। আনুষ্ঠানিকভাবে বিশ্রাম ও চিকিৎসার কথা বলা হলেও তার আর ইরানে ফেরা হয়নি।
জ্যঁ-বার্ট্রান্ড অ্যারিস্তিদ হাইতি : ২০০৪
সশস্ত্র বিদ্রোহ, রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছিল ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জ্যঁ-বার্ট্রান্ড অ্যারিস্তিদকে। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহীরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দিকে অগ্রসর হলে দেশ ছাড়েন তিনি। প্রথমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আশ্রয় নেন। পরে জ্যামাইকা হয়ে দক্ষিণ আফ্রিকায় নির্বাসিত জীবন শুরু করেন। তবে তার দেশত্যাগের ঘটনা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। অ্যারিস্তিদের দাবি ছিল, তাকে যুক্তরাষ্ট্রের সহায়তায় জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন।
১৯৯০ সালে হাইতির প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যারিস্তিদ। একজন সাবেক ক্যাথলিক যাজক হিসেবে দরিদ্র মানুষের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে ক্ষমতা গ্রহণের মাত্র সাত মাসের মাথায় ১৯৯১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে ১৯৯৪ সালে আবার দেশে ফিরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০০০ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তিনি।
তবে দ্বিতীয় মেয়াদে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের অভিযোগ ওঠে। বিরোধীদের সঙ্গে রাজনৈতিক বিরোধ ক্রমেই সংঘাতে রূপ নেয়। ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি সশস্ত্র বিদ্রোহীরা দেশের চতুর্থ বৃহত্তম শহর গোনাইভ দখল করে। এরপর একের পর এক শহর তাদের নিয়ন্ত্রণে চলে যেতে থাকে। বিদ্রোহীদের অগ্রযাত্রায় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে।
২৯ ফেব্রুয়ারি অ্যারিস্তিদ পদত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে দেশ ছাড়েন। প্রথমে তাকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে নেওয়া হয়। মার্চের মাঝামাঝি তিনি জ্যামাইকায় যান। পরে ২০০৪ সালের ৩০ মে জ্যামাইকা ছাড়েন এবং ৩১ মে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছান। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট থাবো এমবেকি তাকে স্বাগত জানান। তবে দক্ষিণ আফ্রিকায় নির্বাসিত জীবন কাটানোর পর ২০১১ সালের মার্চে হাইতিতে ফিরে আসেন অ্যারিস্তিদ। তবে একটি মজার বিষয় হচ্ছে, অ্যারিস্তিদের গল্পটি অন্য নেতাদের চেয়ে আলাদা। তিনি দুবার নির্বাচিত হয়েছেন, দুবার ক্ষমতাচ্যুত হয়েছেন এবং দুবারই নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু দ্বিতীয় নির্বাসন শেষে দেশে ফিরে এসেছেন। বর্তমানে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে হাইতির রাজনীতিতে প্রভাবশালী একটি দলের সঙ্গে যুক্ত রয়েছেন।
গোতাবায়া রাজাপাকসে শ্রীলংকা : ২০২২
অর্থনৈতিক বিপর্যয়, জ্বালানি ও খাদ্যসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২০২২ সালে ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের শাসনকে দায়ী করে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। কয়েক মাসের আন্দোলন একপর্যায়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করলে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রাজাপাকসে।
২০১৯ সালের নভেম্বরে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। এর আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। পরিবারের অন্য সদস্যরাও সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ফলে রাষ্ট্রীয় ক্ষমতায় রাজাপাকসে পরিবারের আধিপত্য নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। সংকটের পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করে। ২০১৯ সালে সরকারের বড় ধরনের করছাড়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, পর্যটন খাতে করোনাভাইরাস মহামারীর ধাক্কা এবং ঋণের চাপ অর্থনীতিকে বিপর্যস্ত করে। জ্বালানি, রান্নার গ্যাস, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে।
২০২২ সালের মার্চ থেকে বিক্ষোভ তীব্র হতে থাকে। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে। ৯ মে সংঘর্ষের পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। তবে তাতেও আন্দোলন থামেনি। ৯ জুলাই হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে গোতাবায়া দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
১৩ জুলাই ভোরে স্ত্রী ও দুই নিরাপত্তাকর্মীকে নিয়ে শ্রীলংকার বিমানবাহিনীর উড়োজাহাজে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেন তিনি। পরদিন সৌদি আরবের একটি বাণিজ্যিক উড়োজাহাজে সিঙ্গাপুরে যান। সেখান থেকে ১৪ জুলাই পদত্যাগপত্র ই-মেইলে পাঠান সংসদের স্পিকারের কাছে। ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ নিশ্চিত করা হয়। সিঙ্গাপুর সরকার জানিয়েছিল, ব্যক্তিগত সফরে দেশটিতে প্রবেশ করেছেন গোতাবায়া; তিনি রাজনৈতিক আশ্রয় চাননি, তাকে আশ্রয়ও দেওয়া হয়নি। পরে তিনি থাইল্যান্ডে যান এবং ২০২২ সালের সেপ্টেম্বরে শ্রীলংকায় ফিরে আসেন। তার পতন দক্ষিণ এশিয়ার ইতিহাসে অর্থনৈতিক সংকটের মুখে গণবিক্ষোভে সরকারপ্রধানের ক্ষমতা হারানোর অন্যতম আলোচিত ঘটনা হয়ে রয়েছে। বর্তমানে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটলেও আইনি জটিলতা কাটেনি।
২০২৬ সালের অক্টোবরে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তিনি। ৪ নভেম্বর আদালত জানিয়েছে, বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে ২৫ নভেম্বর ২০২৬।
দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সুপ্রিম কোর্টের দায় নির্ধারণ, ইস্টার সানডে হামলার তদন্ত এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাÑ সব মিলিয়ে সাবেক এই প্রেসিডেন্ট এখনও বিতর্ক ও আইনি চাপে রয়েছেন।
১৪ নভেম্বর ২০২৩-এ শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য, ২০২৬ সালের জুনে ২০১৯ সালের ইস্টার সানডের সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্টতায় তাকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
সিংম্যান রি দক্ষিণ কোরিয়া : ১৯৬০
দীর্ঘ ১২ বছরের শাসনের অবসান ঘটেছিল রাজপথে ছাত্র-জনতার আন্দোলনের মুখে। নির্বাচনে কারচুপি, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট সিংম্যান রি। পরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আশ্রয় নেন তিনি। ১৯৪৮ সালে দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠার পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন সিংম্যান রি। কোরীয় উপদ্বীপে কমিউনিজমের বিস্তার ঠেকানোর পাশাপাশি স্বাধীন রাষ্ট্র গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার শাসন ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠে। বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ক্ষমতা ধরে রাখতে সংবিধান সংশোধনের মতো ঘটনায় তার জনপ্রিয়তা কমতে থাকে। সংকট চূড়ান্ত রূপ নেয় ১৯৬০ সালের ১৫ মার্চের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে। নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে প্রথমে দক্ষিণাঞ্চলীয় মাসান শহরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
১৯ এপ্রিল রাজধানী সিউলসহ বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বড় ধরনের বিক্ষোভ শুরু করে। আন্দোলন দমনে পুলিশ গুলি চালালে বহু মানুষ হতাহত হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সাধারণ নাগরিকরাও যোগ দেয়। আন্দোলনটি পরিচিতি পায় এপ্রিল বিপ্লব নামে। ২৬ এপ্রিল সিংম্যান রি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন জাতীয় পরিষদে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর পরও কিছুদিন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেন তিনি। অবশেষে ২৯ মে স্ত্রী ফ্রানচেস্কা রিকে নিয়ে একটি ভাড়া করা উড়োজাহাজে সিউল ছাড়েন। সেদিনই পৌঁছেন হাওয়াইয়ের হনুলুলুতে।
সেখানেই জীবনের শেষ পাঁচ বছর কাটান দক্ষিণ কোরিয়ার এই সাবেক প্রেসিডেন্ট। ১৯৬৫ সালের ১৯ জুলাই ৯০ বছর বয়সে হনুলুলুতে তার মৃত্যু হয়। তার দেশত্যাগ দক্ষিণ কোরিয়ার ইতিহাসে স্বৈরশাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে।
বেন আলী তিউনিশিয়া : ২০১১
২৩ বছরের শাসনের অবসান হয়েছিল মাত্র কয়েক সপ্তাহের গণবিক্ষোভে। বেকারত্ব, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল তিউনিশিয়ার হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী। ২০১১ সালের ১৪ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় আশ্রয় নেন তিনি। তার পতনের মধ্য দিয়েই সূচনা হয় আরব বসন্তের। ১৯৮৭ সালের ৭ নভেম্বর তিউনিশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাবিব বুরগিবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন বেন আলী। প্রধানমন্ত্রী থাকাকালে বুরগিবাকে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করে ক্ষমতা নিজের হাতে নেন তিনি। প্রথমদিকে গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও ধীরে ধীরে তার শাসন কর্তৃত্ববাদী হয়ে ওঠে। বিরোধীদের দমন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্ত্রী লায়লা ত্রাবেলসি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ ছড়িয়ে পড়ে। আন্দোলনের সূত্রপাত ২০১০ সালের ১৭ ডিসেম্বর। মধ্য তিউনিশিয়ার সিদি বুজিদ শহরে পুলিশের হয়রানি ও অপমানের প্রতিবাদে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন ২৬ বছর বয়সী ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি। ২০১১ সালের ৪ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হলে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। বেকারত্ব ও বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু আন্দোলনকারী নিহত হয়। প্রথম দিকে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেন বেন আলী। ১৩ জানুয়ারি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি ২০১৪ সালের নির্বাচনে আর প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। কিন্তু তত দিনে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরদিন রাজধানীতে বিশাল বিক্ষোভে তার পদত্যাগের দাবি ওঠে। ওই দিনই জরুরি অবস্থা ঘোষণা করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি তিনি। পরে ২০১১ সালের ১৪ জানুয়ারি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে উড়োজাহাজে দেশ ছাড়েন বেন আলী। প্রথমে তার গন্তব্য নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় পৌঁছেন তিনি। এর মধ্য দিয়ে তিউনিশিয়ায় তার ২৩ বছরের শাসনের অবসান ঘটে।
