মুক্তদেশ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
মাউশি স্পষ্ট করে জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।
প্রার্থীরা প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।
