আমার দেশ : বদলে যাচ্ছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিরচেনা দৃশ্যপট। খাঁচায় বন্দিদশার বদলে প্রাণীদের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণ এবং দর্শনার্থীদের বিশ্বমানের বিনোদন সুবিধা দিতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে থাকবে প্রাণীদের শ্রেণিভেদে আলাদা জোন, হাঁটার রাস্তা, শিশু ও পর্যটকদের জন্য আধুনিক ট্রাম, কাচের বেষ্টনীসহ নানা সুযোগ-সুবিধা।
একইসঙ্গে রংপুর চিড়িয়াখানাকেও আধুনিক ও আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নে প্রাথমিকভাবে ১,২৬৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারের অর্থ সংস্থানের সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে প্রস্তাবিত ব্যয় কমিয়ে ১,২৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়। পুরো মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অবশিষ্ট কাজ পরবর্তী ধাপগুলোতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি প্রকল্পটি মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য অপেক্ষমাণ রয়েছে। পিইসির মূল্যায়ন ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের প্রধান এই বিনোদনকেন্দ্রে প্রাণীদের আবাস ব্যবস্থা, দর্শনার্থীদের অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের মাধ্যমে দেশের চিড়িয়াখানা ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ বাস্তব রূপ পাবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান আমার দেশকে বলেন, প্রাথমিক পর্যায়ে চিড়িয়াখানার একটি খালি জায়গার উন্নয়নের কাজ করা হবে, যাতে বিদ্যমান কার্যক্রম ও প্রাণীদের আবাসস্থলে কোনো বিঘ্ন না ঘটে।
রংপুর-চিড়িয়াখানা
তিনি জানান, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী চিড়িয়াখানা দুটির অবকাঠামোগত উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। পুরো প্রকল্পটিই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
