কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশ বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে মো. ফরিদ উদ্দিন নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
সোমবার (১৭ আগস্ট ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে একটি পরকীয়া-সংক্রান্ত সালিশ বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, গ্রামের ছোট-বড় অনেক মানুষের উপস্থিতিতে ওই নারীকে প্রকাশ্যে চুলের খোঁপা ধরে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ওই নারী ও সংশ্লিষ্ট পুরুষকে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরুষের বিচার বা শাস্তির কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি। তবে নারীকে জুতাপেটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ওই নারী প্রবাসী স্বামীর সংসারে থেকে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন গভীর রাতে তাদের হাতেনাতে আটক করেন। পরদিন সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে উত্তেজিত জনতার হাত থেকে তাদের সুরক্ষা দিতে স্থানীয় মুরুব্বীদের পরামর্শে এই শাস্তি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাটি তার নজরে এসেছে। ওই নারীকে কী কারণে এভাবে হেনস্তার শিকার হতে হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
