মুক্তদেশ ডেস্ক: বিএনপির সাবেক চেয়ারপারসন ও মরহুম বেগম খালেদা জিয়াকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে একযোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
