বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের ব্যস্ত রেলওয়ে স্টেশনের প্রতিদিনের সাধারণ চেহারায় আচমকাই এক অভূতপূর্ব চমক দেখা দেয়। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করে সেখানে ভক্তদের চমকে দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।
মহাব্যস্ত স্টেশনের লাউডস্পিকারে হঠাৎ ভেসে ওঠে রানীর চিরচেনা ও গম্ভীর কণ্ঠস্বর। যাত্রীরা হঠাৎ থমকে দাঁড়িয়ে শোনেন, মাইক থেকে ভেসে আসে স্বয়ং ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির সেই দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের কণ্ঠ।
‘মারদানি’ সিনেমায় তার চরিত্র শিবানি শিবাজি রায়ের কণ্ঠে রানী মুখার্জি শিশুদের সুরক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। একই সঙ্গে তিনি সোনি ম্যাক্স-এ চ্যানেলে ‘মারদানি ৩’-এর টেলিভিশন প্রিমিয়ারের প্রচার করেন।
স্টেশনের মাইক থেকে রানির এই বিশেষ বার্তা দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকাকে এমন ব্যতিক্রমী ভঙ্গিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।
সাধারণ যাতায়াতের মাঝে রানীর এই আচমকা বার্তা উপস্থিত যাত্রীসাধারণ ও ভক্তদের জন্য এক দারুণ স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। সূত্র: আজকাল
