মুক্তদেশ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজার এলাকার সরকারি মাদ্রাসা–ই–আলিয়া (আলিয়া মাদ্রাসা) এলাকা ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবিরের নেতা–কর্মীরা চলে যাওয়ার পর মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলে ঢুকেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
হলে ঢুকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি কক্ষে ভাংচুর চালিয়েছেন ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা। এর এক পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে মারধর করেছেন তাঁদের কয়েকজন। পরে হলে অবস্থানরত শিক্ষার্থীদের বের হয়ে যেতে বলেন ছাত্রদল নেতা–কর্মীরা। তাঁরা বেরিয়ে গেলে হলের ফটকগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন তাঁরা।
হলের ফটকে তালা লাগানোর সময়ে উপস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা হল তালাবন্ধ করেছি। সব কিছু ঠিক হলে পরবর্তীতে খুলে দেওয়া হবে।’
