মুক্তদেশ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় নৈতিক স্খলনের কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে শুধু দল বহিষ্কার করলেই সংবিধান অনুযায়ী তার এমপি পদ যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, ‘শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়; সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, সংসদের চিঠি পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘এ বিষয়ে যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ কোনো সিদ্ধান্ত বা নির্দেশনার জন্য নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পাঠান, তাহলে কমিশন উভয় পক্ষের শুনানি গ্রহণ করবে। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো প্রকার দূরত্ব ছাড়াই সমন্বিতভাবে কাজ করছে। চলতি বছরের অক্টোবর মাসকে লক্ষ্য রেখা তারা স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়েই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন।
