মুক্তদেশ ডেস্ক : শেষ হয়ে গেল ব্রাজিলের ষষ্ঠ শিরোপা স্বপ্ন। এক আর্লিং হালান্ডেই থেমে গেলো সাম্বার তাল। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অজেয় রেকর্ড অক্ষুন্ন রেখে হলান্ড জোড়া গোলে নরওয়েকে প্রথমবারের মতো নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে।
৭৯ মিনিটে ব্রাজিল ডিফেন্সে ফাটল ধরিয়ে প্রথম গোল করেন নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলান্ড। সেই ধাক্কা সামলে ব্রাজিল মরিয়া চেষ্টা চালিয়েছিল ম্যাচে ফেরার। সে চেষ্টায় ফের জল ঢেলে দেন হলান্ড। ৯০ মিনিটে ব্যবধান বাড়ান। একই সঙ্গে সাত গোল করে চলতি আসরের গোল্ডেন বুটের লড়াইয়ে ছুঁয়ে ফেলেন আর্জেন্টাইন লিওনেল মেসি ও ফরাসি কিলিয়ান এমবাপ্পেকে।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে এক গোল শোধ দিয়েছিলেন বদলী নামা নেইমার জুনিয়র। তবে পারেননি দেশের দুই যুগের আক্ষেপ ঘোঁচাতে। তাই বিদায়বেলায় নেইমারদের সঙ্গী হয় কান্না।
১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলকে ২-১ গোলের হার উপহার দিয়েছিল নরওয়ে। সেবারের হারটা ছিল গ্রুপ পর্বে। সেই ধাক্কা সামলে সেবার শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। তবে এবারের হারের সঙ্গে তুলনা চলে না আর কিছুর। ২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকে আর ফাইনালেই পৌঁছাতে পারেনি সেলেসাওরা। বড় স্বপ্ন নিয়ে এ বিশ্বকাপে তারা দায়িত্ব দিয়েছিল ইতালিয়ান পরীক্ষিত কোচ কালো আনচেলত্তিকে। এই অভিজ্ঞ টেকটেশিয়ানও পারলেন না হলান্ড ধুমকেতু থামাতে।
নরওয়েকে ইতিহাসে প্রথমবার কোয়ার্টারে তোলার পর তাই ট্রেডমার্ক উদযাপনেও দিলেন নের্তৃত্ব।
