মুক্তদেশ ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্নআয়ের মানুষের জন্য সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রী জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে এবং রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তিতে স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে ভাড়াভিত্তিক ও সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর শাস্তির বিধান ও জরিমানাসহ বিভিন্ন বিষয় অংশীজনদের মতামতের ভিত্তিতে সংশোধন করা হবে।
তিনি আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ দূর করতে প্রকৃত দুস্থদের তালিকা হালনাগাদ এবং ভুয়া সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান ও ডাটাবেজ যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল একটি পুনঃযাচাই কমিটি গঠন করা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ প্রবীণ ব্যক্তি মাসে ৬৫০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ ভাতা ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা বেড়ে ৬২ লাখে পৌঁছাবে।
এছাড়া আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী পরিত্যক্ত বা নিগৃহীতা নারীকে মাসে ৭০০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে, যার আওতায় ৩৮ লাখ উপকারভোগী সুবিধা পাবেন।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৪৪ জেলার ৫৫ উপজেলায় পরীক্ষামূলকভাবে তিন ধাপে ৬৯ হাজার ৩৮৭ জন নারী পরিবারের প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে ভাতা বিতরণ করা হয়েছে।
