মুক্তদেশ ডেস্ক: পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের এই দুই গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধানের পদ শূন্য ছিল।
একই আদেশে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়া মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ডিআইজি পর্যায়েও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও পরিবর্তন আনা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে র্যাবে এবং স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
দ্বিতীয় এপিবিএন, মুক্তাগাছার অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তারও নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জে, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
