খেলা ডেস্ক: বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচ লা আলবিসেলেস্তের জন্য নিয়মরক্ষার ম্যাচ বাদে আর কিছুই নয়। যেখানে খেলতে নেমে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা।
ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট ঢাকার জন্য ঝাঁপিয়ে পড়েন, কিন্তু লো সেলসো অন্য কোণ বেছে নিয়ে শট নেন এবং বলটি জালে গিয়ে লাগে, একেবারে গোলের ওপরের কোণে।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার। ভিডিও সহায়ক রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় যে, গোলের উদ্দেশ্যে হেড করতে যাওয়ার সময় মারকোস সেনেসিকে ফাউল করা হয়েছিল। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পরে দারুণভাবে সুযোগটি কাজে লাগালেন লাউতারো মার্তিনেস। জোরাল শটে গোলের খাতায় নাম লেখান।
আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শুরুর একাদশে করা হয়েছে মোট ৯টি পরিবর্তন। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেস নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলের সেরা তারকা লিওনেল মেসি এই ম্যাচে বদলি খেলোয়াড়দের বেঞ্চে রয়েছেন।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, জিওভান্নি সিমেওনে; নিকো পাস, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো; লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।
