মুক্তদেশ ডেস্ক: আগামীকাল বুধবার চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
পাশাপাশি ১২০ জনকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে। ফলে প্রধানমন্ত্রীর হাত থেকে মোট ২৭৫ উপকারভোগী সহায়তা গ্রহণ করবেন। ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন সুবিধা দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের চার মাসেই তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
