মুক্তদেশ ডেস্ক: জুলাই আন্দোলনে রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
গত রোববার এ মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে সোমবার শুনানির দিন ধার্য করে আদালত। সেদিন জামিনের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এরপর আজ মঙ্গলবার দুপুরে আবার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। পরে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারা মুক্তিতে কোনো বাধা নেই।
