মুক্তদেশ ডেস্ক: লিওনেল মেসির সঙ্গে জার্সি বদলানোর সুযোগ পেতে প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে যেন এক ধরনের আগ্রহ থাকে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও এমনই এক মুহূর্তের জন্ম হলো।
ম্যাচ শেষে আইসল্যান্ডের এক তরুণ ফুটবলার মেসির কাছে এসে জার্সি বদলানোর অনুরোধ করেন। এরপর হঠাৎ তিনি আর্জেন্টাইন তারকাকে প্রশ্ন করেন, “আপনি কি আমাকে চিনতে পেরেছেন?”
প্রশ্নটি শুনে কিছুটা অবাক হয়ে যান মেসি। পরে জানতে পারেন, ওই খেলোয়াড় আর কেউ নন—বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ এইদুর গুডইয়নসেনের ছেলে ড্যানিয়েল গুডইয়নসেন।
মেসি বলেন, “ওই মুহূর্তে আমি আসলে চমকেই গিয়েছিলাম। এরপর সে বলল, সে গুডইয়নসেনের ছেলে।”
এইদুর গুডইয়নসেন ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। পেপ গার্দিওলার অধীনে ট্রেবলজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। সেই সময় মেসির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন এই আইসল্যান্ডিক ফুটবলার।
এখন ৪৭ বছর বয়সী গুডইয়নসেন ফুটবল ছেড়েছেন এক দশকেরও বেশি সময় আগে। অন্যদিকে মেসি এখনো খেলে যাচ্ছেন এবং রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত।
আইসল্যান্ডের হয়ে মাঠে নামা ড্যানিয়েল গুডইয়নসেনের বয়স মাত্র ২০ বছর। ছোটবেলায় বাবার সঙ্গে বার্সেলোনার অনুশীলনে যেতেন তিনি। তবে তখন এতটাই ছোট ছিলেন যে মেসির মনে নেই তাঁকে।
মেসি বলেন, “সত্যি বলতে, ওকে আমার খুব ভালোভাবে মনে ছিল না। যখন দেখেছিলাম, তখন ও অনেক ছোট ছিল। বাবার সঙ্গে অনুশীলনে আসত, কিন্তু বয়স কম হওয়ায় মনে রাখতে পারিনি।”
জার্সি বদলের সেই ছোট্ট মুহূর্তে হয়তো মেসিও বুঝেছেন, তাঁর ফুটবল যাত্রা কতটা দীর্ঘ হয়েছে—যেখানে এক সময়ের সতীর্থদের সন্তানরাও এখন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে উঠে এসেছে।
