মুক্তদেশ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। তবে বৈরী আবহাওয়া হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর পর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে; যার প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং সর্বশেষ পঞ্চম জামাতটি সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ময়দানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দুটি জামাতের আয়োজন করা হয়েছে, যার প্রথমটি সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
রাজধানীর গুলশান এলাকার গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এবার মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত খুব ভোরে সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাতটি সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এসবের পাশাপাশি ঢাকা মহানগরীর শতাধিক খোলা ঈদগাহ মাঠ এবং দেড় হাজারেরও বেশি স্থানীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার বিশেষ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার।
