মুক্তদেশ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে। তবে শিক্ষার্থীরা কার্যত ২১ মে বৃহস্পতিবার ক্লাস শেষে দীর্ঘ ছুটিতে যেতে পারবে। কারণ, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে শুরু হলেও সাপ্তাহিক ছুটির কারণে ২২ মে থেকেই শুরু হবে শিক্ষার্থীদের ছুটির আমেজ।
কোন প্রতিষ্ঠান কবে খুলবে
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন রোববার।
এ হিসাবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে দেশের সব মাদ্রাসা—আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে—ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন রোববার থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।
পরবর্তী বড় ছুটি কবে?
জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে।
এ ছাড়া আগস্ট মাসে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শিক্ষার্থীদের বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
