স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা লিটন দাসের ইনিংস শেষ হয় ৩৩ রানে। ৬৭ বলে ৫টি চারে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি। এর পর এই পেসারের বলেই ১০ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ।
লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়া এই তারকা ১৭৯ বলে ৮টি চারে ৭১ রান করেন। এরপর এবাদত হোসেন শূন্য রানে ফিরলে ৫ উইকেট পূরণ করেন আব্বাস।
শেষদিকে তাসকিন আহমেদের ক্যামিওতে দলীয় চারশ পার হয় বাংলাদেশের। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া এই পেসার ১৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। তিনি আফ্রিদির শিকার হন।
পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট পান আব্বাস। আফ্রিদি ৩ উইকেট দখল করেন।
এর আগে বাংলাদেশ প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানে শেষ করেছিল। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১)। আর ৯১ রানে আউট হন অভিজ্ঞ মুমিনুল হক।
