মুক্তদেশ ডেস্ক: ধুসর একটি চাদরে মোড়ানো ছোট একটি শিশু, তাকে কোলে নিয়ে ছুটে চলছেন একজন যুবক। বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে তোলা এমনি একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি দাগ কেটেছে অনেকের মনে। সূত্র বিবিসি।
ঢাকার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে তোলা ওই ছবিতে চাদরে মোড়ানো যেই শিশুটির নিথর দেহ দেখা গেছে তার নাম মো. সাদমান।
তিন বছর বয়সি শিশুটি মঙ্গলবার হামে আক্রান্ত হয়ে মারা যায় মহাখালীর ডিএনসিসি হাসপাতালে।
সেখান থেকে শিশুটির মরদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই ছবিটি তুলেছিলেন বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার ফটোসাংবাদিক খালেদ সরকার। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই সেই ছবিটি শেয়ার করতে দেখা যায়। ছবির বর্ণনায়ও অনেকে লিখেছেন- ‘সন্তানের লাশ হাতে দাঁড়িয়ে আছেন বাবা’।
যদিও বিবিসি বাংলা খোঁজ নিয়ে জানতে পেরেছে যেই যুবকের কোলে শিশু সাদমানের মরদেহ ছিল তিনি তার বাবা নন।
হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর একজন আত্নীয় সাদমানকে নিয়ে যাচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচরের বাসায়।
