মুক্তদেশ ডেস্ক: স্বেচ্ছায় রাজনীতি থেকে আজীবনের জন্য অবসরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ। স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি এবং নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পাদন করে তিনি এই ঘোষণা দেন।
গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদন করেন ছাবের আহমদ। রোববার (২৯ মার্চ) সেই হলফনামাটি বিজ্ঞপ্তি আকারে একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন, জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের ছায়ায় যাবেন না।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তবে এই পদটি তিনি নিজের উদ্যোগে নেননি, বরং জেলা পর্যায়ের নেতারা তাকে দিয়েছেন বলে দাবি করেন।
