মুক্তদেশ ডেস্ক:সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এর আগে তিনি আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে।
এ ছাড়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইবিআরসির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
