মুক্তদেশ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির তৃতীয় দিন আজ সোমবারও (২ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালনা কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। আজ দুপুরে বন্দর ভবনের সামনের চত্বরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন।
ইব্রাহিম হোসেন বলেন, যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে, তা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনকারী নেতারা।
