মুক্তদেশ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে তিনি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তারেক রহমান। ওই দিন বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখেন। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
একইসঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনা, সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
সিলেট থেকে টানা ১৬ ঘণ্টা সফর করেন তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত জনসমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
