মুক্তদেশ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৯ নভেম্বর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন।
রিজভী বলেন, দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।
এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
