মুক্তদেশ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানি ও ষড়যন্ত্র ঠেকাতে আগাম প্রতিরোধমূলক কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে রাজধানীর কোথাও আওয়ামী লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।
সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটনের পর প্রতিক্রিয়া দেখানোর সনাতন ধারা বদলে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে রাজধানীর প্রবেশমুখগুলোতে কঠোর ব্লক চেক, স্পটভিত্তিক জিরো-গ্যাপ সিকিউরিটি এবং আবাসিক হোটেলের অতিথির তালিকা সংরক্ষণের মাধ্যমে বহিরাগতদের মুভমেন্ট ও সম্ভাব্য অপতৎপরতা রোধে কড়া নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ডিএমপি কমিশনার মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ সংগঠন হিসেবেই নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সংগঠন বা দলের কোনো কার্যক্রম চলতে পারে না। ডিএমপির অপরাধ বিভাগের যে এলাকায় বা যে থানায় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম চলবে বা ঝটিকা মিছিল হবে, সেই অপরাধ বিভাগের ডিসি ও ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
