মুক্তদেশ ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলি তাবাতাবাইসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান বা চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাবাতাবাই। খবর আল জাজিরা’র।
রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।
বৈরুতের দক্ষিণে দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তৃতীয়বারের চেষ্টায় তাবাতাবিকে হত্যায় সফল হয়েছে আইডিএফ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।
