মুক্তদেশ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক। সেজন্য একদম স্বচ্ছভাবে আয়নার মত পরিষ্কার করে নির্বাচনটা করতে চাই ।
সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি।
তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন করতে মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। কারণ আপনারা মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করেছি। সাড়ে ২১ লাখ মৃত ভোটার সনাক্ত করেছি। ৪৫ লাখের মতো ব্যক্তি ভোটার হওয়ার মতো যোগ্য ছিল, কিন্তু ভোটার তালিকায় নাম ছিলোনা, তাদের যুক্ত করেছি। মহিলা ভোটার কম ছিলো। মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছিলো। মহিলারা দলে দলে এসে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় আনতে আমরা পদক্ষেপ নিয়েছে, তারা যেন ভোট দিতে পারেন। ভোটের সাথে সম্পৃক্ত যারা তারাও এবার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সদস্য, পোলিং এজেন্ট ও পুলিশ সদস্যরাও ভোট দিতে পারবেন। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ সব ধরণের উদ্যোগে আপনাদের পাশে চাই।
অতিরিক্ত ইসি সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার।
সংলাপে আরও উপস্থিত রয়েছেন ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানী প্রমুখ।
