মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৫ আগস্ট) এ শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন।
যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত মনে করছেন, পতাকা পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতার অংশ। সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৮৯ সালেই এ রায় দিয়ে রেখেছেন।
তবে ট্রাম্প মনে করছেন, পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে ‘আইনবিরোধী কার্যক্রম উসকে দিতে’ পারে। নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘যদি আপনি একটি পতাকা পোড়ান, আপনাকে এক বছরের জন্য জেলে যেতে হবে; কোনো আগাম মুক্তি নেই, কিছুই নেই।’
ট্রাম্প আরও বলেন, ‘এক বছর জেলে যেতে হবে। সেটা রেকর্ডে থেকে যাবে। তখনই পতাকা পোড়ানো বন্ধ হতে দেখবেন।’ এছাড়াও নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করাসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
