মুক্তদেশ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে আগামী ২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, অনুষ্ঠান, কর্মসূচি এবং মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে এই নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করার কথাও বলেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩ দিন সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার জাকসু নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনের সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম।
প্রক্টর বলেন, ‘জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য ইতোমধ্যে সেনা প্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে-পরে পুরো ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
