বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ৬ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৭ ও ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। এই বিশেষ বিসিএসে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭০২ জনকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন ক্যাডারে ১৯১ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন রয়েছেন।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।
পূরণ করা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সকল সনদের দুই সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।
একই সঙ্গে মূল সনদগুলো সঙ্গে নিয়ে আসতে হবে, যা বোর্ডে প্রদর্শন করতে হবে।
অনলাইনে BPSC Form-3 পূরণ করে তার দুই কপি বোর্ডে জমা দিতে হবে।
কোনো প্রার্থীকে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। নিজ দায়িত্বে কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তাতে পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
নির্ধারিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এই বিসিএসের মাধ্যমে সরকার তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। পরীক্ষাটি মোট ৩০০ নম্বরের; এর মধ্যে ২০০ নম্বর ছিল এমসিকিউ পদ্ধতিতে লিখিত এবং ১০০ নম্বর মৌখিক অংশে নির্ধারিত।
