মুক্তদেশ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। দু-চারজন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা অব্যাহত রাখবেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।
এসময় শফিকুর রহমান বলেন, মানবতা মরে যায়নি, এখনো বেঁচে আছে। যারা শহীদ হয়েছেন তাদের ৭০ শতাংশই খেটে-খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে; যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি। শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা। দুটি ভলিউম এরই মধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেজ তৈরি করছি।
শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জীবনের চাহিদা ছাড়া জাতিকে মুক্তি দিয়েছে, রাষ্ট্রের ট্রেজারির কেন তাদের দিকে নজর নেই। আমরা ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও আর্থিক সহযোগিতা করব।
