মুক্তদেশ ডেস্ক: রাজধানী কদমতলী থানাধীন এলাকায় মা মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আল আমিন ও মো. মিরাজ মোল্লা।মামলার অপর আসামি নুরুল আলম শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান আছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও মিরাজকে কারাগার থেকে আদালত হাজির হয়। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ভিকটিমের স্বামীর পূর্বের স্ত্রী ও অন্যান্য আসামিদের সহযোগীতায় ২০১০ সালের ৮ মে গলায় ফাঁস দিয়ে এবং হাত-পা বেঁধে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করা হয়।
ওই ঘটনায় রাজধানীর কদমতলীর থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন বিচারক।
