অনিয়ম-দুর্নীতি প্রতিরোধমূলক কাজের অংশ হিসেবে দেশের ২৫ জেলা সদরে ২৫টি গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১০ আগস্ট থেকে এসব গণশুনানি শুরু হয়ে পরবর্তী বছরের ১০ মে পর্যন্ত চলবে। এতে দুদক চেয়ারম্যান এবং কমিশনার উপস্থিত থাকবেন।
জনগণের জন্য সরকারি পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা-মূল্যবোধের মান বজায় ও বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা-উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদক এসব গণশুনানির আয়োজন করে থাকে।
দুদক কর্মকর্তারা জানান, স্থানীয় পর্যায়ে সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি, দুর্নীতি ও অনিয়মের শিকার ভুক্তভোগীরা গণশুনানিতে সরাসরি অভিযোগ দেওয়ার সুযোগ পান। ভুক্তভোগীদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এবং তাদের উপস্থিতিতে গণশুনানিতে অভিযোগ দেওয়ার সুযোগ হয়। গণশুনানি থেকে পাওয়া কোনো কোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়; আবার কোনো অভিযোগের মাত্রা যদি আইনগতভাবে দুর্নীতি-অনিয়মের মধ্যে পড়ে, সেক্ষেত্রে নিয়মিত অনুসন্ধানের জন্য কমিশন গ্রহণ করে থাকে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এ কমিশনের প্রধানতম দুটি কাজ দুর্নীতি দমন ও প্রতিরোধ। গণশুনানি হচ্ছে কমিশনের প্রতিরোধের কাজের অংশ। আইনে দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতিরোধমূলক কাজে বেশি জোর দেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, কমিশন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত গণশুনানি করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৫ জেলায় গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জেলা সদরে গণশুনানি : ১০ আগস্ট বগুড়া সদরে গণশুনানির জন্য দিন ধার্য রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। পরের দিন ১১ আগস্ট জয়পুরহাট সদরে গণশুনানিতে কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্?সান ফরিদ উপস্থিত থাকবেন। এরপর ২৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে গণশুনানি অনুষ্ঠিত হবে, এতে দুদক চেয়ারম্যান অথবা কমিশনার (অনুসন্ধান) উপস্থিত থাকবেন। পরের দিন ২৫ আগস্ট টাঙ্গাইল সদরে গণশুনানিতে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর ৭ সেপ্টেম্বর নেত্রকোনা সদরে গণশুনানি করা হবে। এতে দুদক চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যে কোনো একজন প্রধান অতিথি থাকবেন। ৮ সেপ্টেম্বর শেরপুর সদরে গণশুনানিতে কমিশনার (তদন্ত) উপস্থিত থাকবেন।
এরপর ১২ অক্টোবর বরগুনা সদরে গণশুনানিতে কশিনার (অনুসন্ধান) উপস্থিত থাকার কথা রয়েছে। পরের দিন ১৩ অক্টোবর ঝালকাঠি সদরে গণশুনানি করবে দুদক। এতে কমিশনার (তদন্ত) উপস্থিত থাকবেন। এরপর ২৬ অক্টোবর যশোর সদরে, ২৭ অক্টেবার চুয়াডাঙ্গা সদরে, ৯ নভেম্বর পঞ্চগড় সদরে, ১০ নভেম্বর দিনাজপুর সদরে, ২৩ নভেম্বর সিলেট সদরে, ২৪ নভেম্বর হবিগঞ্জ সদরে গণশুনানি অনুষ্ঠিত হবে। এসব গণশুনানিতে দুদক চেয়ারম্যান ও কমিশনারগণ উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর, ২১ ডিসেম্বর ভোলা সদরে গণশুনানি হওয়ার কথা রয়েছে। এরপর ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর, ২৫ জানুয়ারি লক্ষ্মীপুর সদর, ৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর, ২৬ ফেব্রুয়ারি নাটোর সদর, ৮ মার্চ গাইবান্ধা সদর এবং ৩১ মার্চ মেহেরপুর সদরে গণশুনানি অনুষ্ঠিত হবে। পরে ৫ এপ্রিল মাগুরা সদরে, ১৯ এপ্রিল ঢাকা-রাজউকে এবং ১০ মে রাজশাহী সদরে গণশুনানিতে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা উপস্থিত থাকবেন। সূত্র: আমাদের সময়
