জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার সকালে বৈঠক করেছে।
বৈঠকে দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ছাড়াও অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম অভিযোগকারী খালিদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, “আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে, ঘোষিত প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ প্রতীকটি এখনো বাদ দেওয়া হয়নি, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। এ অবস্থায় আইনগতভাবে তাদের প্রতীক তালিকায় রাখা সমীচীন নয়।” কমিশন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলেও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
