ডেস্ক রিপোর্ট: এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোতে ফুলিয়ে-ফাঁপিয়ে ফলাফল তৈরি ও দেখানোর অবস্থা থেকে বেরিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হয়েছে। অতীতের মতো ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়ার অবস্থা থেকে বেরিয়ে এসেছি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের একদিন আগে বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, গত ১৬ বছরে যে সরকার ছিল, তাদের আমলে সরকারের সাফল্য দেখানোর জন্য ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়িয়ে ফুলিয়া-ফাঁপিয়ে ফলাফল প্রকাশ করা হতো। এমনকি সে ফলাফল প্রকাশ নিয়ে এক ধরনের ফটোসেশনের আয়োজন ছিল রাষ্ট্রপ্রধানের। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফলের বই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যেতেন এবং প্রধানমন্ত্রী তখন তাদের নিয়ে ফটোসেশন করে রেজাল্ট প্রকাশ করতেন। আমাদের অন্তর্বর্তী সরকার এটাকে বাহুল্য মনে করছে। এটা থেকে সরে এসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে।
