৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের! ঘটনাচক্রে, বৃহস্পতিবার দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া এআই১৭১-এর পাইলট। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ২৪২ জনকে নিয়ে লোকালয়ের উপর ভেঙে পড়ে সেই বিমান। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। কী ভাবে দুর্ঘটনা ঘটল, সে সব এখনও স্পষ্ট নয়। তবে কেন দুই দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না, সেই প্রশ্ন ভাবাচ্ছে সকলকেই।
বৃহস্পতিবার দুপুরে গুজরাতের অহমদাবাদে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেই মেঘানিনগরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) সূত্রে খবর, বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল। সঙ্গে ছিলেন সহ-পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। ক্যাপ্টেন সবরওয়ালের ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। সহ-পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা। অর্থাৎ দুই পাইলটের সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা ছিল প্রায় ১০ হাজার ঘণ্টার কাছাকাছি। তা সত্ত্বেও আকস্মিক দুর্ঘটনা এড়ানো যায়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ‘মে ডে কল’ দেন পাইলট। তার পর ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট বেগে গোঁত্তা খেতে খেতে নামতে শুরু করে বিমানটি। সূত্র: আনন্দবাজার
