মুক্তদেশ ডেস্ক: তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রম ও কর্মস্থানমন্ত্রী আরও বলেন, পোশাক খাতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
