আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এতথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে এক বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
এরই প্রেক্ষিতে ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায়, ২৪ এপ্রিল থেকে পাকিস্তানও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয়, যা ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা একটি নোটিশ টু এয়ার মেন (নোটাম) জারি করবে।