ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে বলে তিনি জানান।
শনিবার (১৭ মে) সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুন্দরবনের জল সীমানায় বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় জলসীমান্ত রক্ষায় কাজ করবে বিজিবির ভাসমান বিওপি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না।
সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশইনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। এছাড়া ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। এ সময় পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
