সারমিন জাহান: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় আপিল বিভাগের পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৬ মে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
এর আগে, সকালে মামলার সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করেন আদালত।
দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সড়ক অবরোধদ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সড়ক অবরোধ
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। ডেথ রেফারেন্স খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে দেওয়া হয় এ রায়।
রায়ে বলা হয়, কেবল স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপর আসামিদের শাস্তি দেওয়া যায় না। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর নির্ভর করে ষড়যন্ত্রও প্রমাণ হয় না। মামলার দ্বিতীয় চার্জশিট আইনানুগ নয়, কারণ সেটি শুধু মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতেই প্রস্তাবিত হয়েছিল, যা ‘১৯১বি’ ধারার আওতায় প্রযোজ্য নয়।
