বাংলাদেশের রাজনীতিতে আবারও সংঘাত আর উত্তেজনার ঢেউ বইতে শুরু করেছে, যার কেন্দ্রে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগ। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে অবরোধের ডাক, ঝটিকা মিছিল, বিক্ষোভ, পাশাপাশি অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে, যা নতুন করে রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তার আশঙ্কা তৈরি করেছে।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি—দেশে ফেরার ঘোষণা আর সত্যিকারের প্রত্যাবর্তনের বাস্তবতা এক নয়। তিনি কীভাবে, কোন পথে, কিংবা কোন আইনি ও কূটনৈতিক বাস্তবতায় ফিরবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই। তাই তাঁর ফেরা এখন পর্যন্ত একটি ঘোষিত রাজনৈতিক অভিপ্রায় মাত্র, নিশ্চিত বাস্তবতা নয়।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আমূল বদলে গেছে। শীর্ষ নেতাদের অনেকে দেশ ছেড়েছেন, কেউ আত্মগোপনে, কেউবা গ্রেফতার। আন্দোলন দমনে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দলটির শাসনামল নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত রয়েছে।
এই টানাপোড়েনের মাঝে সাধারণ নেতাকর্মীদের দুর্দশার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শীর্ষ নেতৃত্বের অপরাধ বা ব্যর্থতার দায়ে দলের প্রত্যেক সদস্যকে অপরাধী ভাবা ন্যায়বিচারের নীতির সঙ্গে যায় না। যাঁদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি, গ্রেফতার কিংবা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা গ্রহণযোগ্য নয়। বিচার হবে আদালতে, মব সন্ত্রাসে নয়।
অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ বা জনজীবন বিপর্যস্ত করার ঘটনাও মেনে নেওয়া যায় না। তবে প্রতিটি নাশকতার পেছনে কেবল একটি পক্ষই জড়িত—এমন সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক নয়। তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীও ফায়দা লুটতে পারে। তাই তদন্তের আগে ঢালাও দোষারোপ যেমন দায়িত্বহীনতা, তেমনি প্রমাণিত অপরাধকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে আড়াল করাও বিপজ্জনক। অপরাধীর পরিচয় নয়, প্রমাণই হওয়া উচিত বিচারের ভিত্তি।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি দল নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইবে, এবং নেত্রীর ফেরার ঘোষণা সেই চেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হলে জনগণের আস্থা অর্জন জরুরি—অতীতের ভুল ও কর্তৃত্ববাদী শাসনের দায় স্বীকার করে আত্মসমালোচনার পথ নিতে হবে। কেবল স্লোগান বা সহিংস কর্মসূচিতে গ্রহণযোগ্যতা ফেরে না; দরকার যুক্তি, জবাবদিহি ও শান্তিপূর্ণ প্রতিযোগিতা।
একই সঙ্গে বর্তমান সরকার ও প্রতিপক্ষকেও ভাবতে হবে, কোনো দলকে নিষিদ্ধ বা নিশ্চিহ্ন করার চেষ্টা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়। ঐতিহাসিক প্রেক্ষাপট ও অতীতের অর্জন-ব্যর্থতা মিলিয়ে একটি দলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শেষ পর্যন্ত জনগণের—যার জন্য প্রয়োজন অবাধ পরিবেশ ও আইনের শাসন।
এদিকে মহামারি, বৈশ্বিক মূল্যস্ফীতি, ডলারসংকট এবং ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের ধাক্কায় অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। বিনিয়োগের অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট ও কমতে থাকা ক্রয়ক্ষমতার মাঝে নতুন করে সংঘাত ও ভাঙচুর শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও অর্থনীতির প্রাণশক্তি।
এই সংঘাতময় বাস্তবতায় সবচেয়ে অসহায় সাধারণ নাগরিক। অফিসে যাওয়া, দোকান খোলা, সন্তানকে স্কুলে পাঠানো কিংবা হাসপাতালে পৌঁছানো—সবকিছুতেই তৈরি হয় ভয় ও অনিশ্চয়তা। অথচ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব।
আজ প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়, দায়িত্বশীল রাজনীতি। সরকারকে নাশকতা দমনে কঠোর হতে হবে, আবার নিরপরাধ মানুষের হয়রানি ও বিচারবহির্ভূত আচরণ বন্ধ করতে স্বচ্ছ আইনি প্রক্রিয়া মানতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও সহিংসতা ছেড়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে ফিরতে হবে।
শেষ পর্যন্ত বড় প্রশ্ন হলো—বাংলাদেশ কোন পথে এগোবে? অনির্দিষ্টকাল প্রতিহিংসা ও সহিংসতায় কোনো দেশ চলতে পারে না। অতীতের অপরাধের বিচার যেমন হতে হবে, তেমনি বর্তমান ক্ষমতারও জবাবদিহি থাকতে হবে। গণতন্ত্রে কেউ স্থায়ী শাসক বা স্থায়ী বিরোধী নয়; ক্ষমতা বদলায়, কিন্তু রাষ্ট্র ও আইনের শাসন থাকে। বাংলাদেশ কোনো একটি দলের নয়, সব নাগরিকের। তাই সংযম, সহনশীলতা ও বাস্তববোধের পরিচয় দিয়ে সব পক্ষকে দেশের স্বার্থে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। লেখক: চিররঞ্জন সরকার
