মুক্তদেশ ডেস্ক: সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি রাশিয়ার পণ্যবাহী জাহাজ শনিবার বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে যায়। ফিনল্যান্ড জানিয়েছে, হামলাটি ইউক্রেনের চালানো বলে ধারণা করা হচ্ছে। পরে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ইলজা ইলিন শনিবার রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে জানান, স্পার্টা-২ জাহাজের ১৬ সদস্যের ক্রু লাইফবোটে করে জাহাজটি ত্যাগ করেন। পরে তাঁরা কাছাকাছি থাকা রাশিয়ার আরেকটি জাহাজে ওঠেন। বর্তমানে তাঁরা রাশিয়ায় ফিরে যাচ্ছেন।
এ বছর ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দফায় দফায় সামরিক ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এতে যুদ্ধ ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্ভবত ইউক্রেনই এই হামলার পেছনে রয়েছে।’ তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার কর্মকর্তাদের আগের বক্তব্যের সঙ্গে তাদের এই তথ্যের মিল রয়েছে।
শনিবার রাতেও জাহাজটিতে আগুন জ্বলছিল। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করে থাকায় দেশটি উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে শেষ পর্যন্ত রাশিয়ার জাহাজগুলো ক্ষতিগ্রস্ত জাহাজটিকে টেনে নিজ দেশে নিয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযান চলাকালে রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ড কমান্ডার মিক্কো সিমোলা এ তথ্য জানান।
‘যুদ্ধ প্রতিবেশী অঞ্চলেও ছড়িয়ে পড়ছে’
বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং প্রয়োজনে ড্রোন প্রতিহত করার কাজে কর্তৃপক্ষকে সহায়তা করতে হেলসিঙ্কি পূর্ব ফিনল্যান্ড উপসাগরীয় অঞ্চলে সাময়িক বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ ফিনল্যান্ড উপসাগরের পরিস্থিতি সামাল দিচ্ছে, যেখানে ড্রোন হামলায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্রাসী পক্ষের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
ঘটনার পর ফিনল্যান্ডের নেতৃত্বে দেশটির ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সুইডিশ যুদ্ধবিমানও অংশ নেয় বলে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন জানিয়েছেন।
রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়। ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে সামরিক জোটটির সদস্য হয়।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এক্সে লিখেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পরিণতি বাল্টিক সাগর পর্যন্ত পৌঁছেছে। আগ্রাসী পক্ষের জন্য এটি আরেকটি সতর্কবার্তা—যুদ্ধ বন্ধ করতে হবে। তবে ইউক্রেনকে সমর্থন করা থেকে কোনো কিছুই আমাদের বিরত রাখতে পারবে না।’
এস্তোনিয়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। জাহাজটি আগুন নেভানো এবং দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দেশটির সরকার জানিয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
রুশ প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ
জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার সঙ্গে সংশ্লিষ্ট।
ওবোরনলজিস্টিকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিবহন ও সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ইলিন বলেন, ‘এই মুহূর্তে জাহাজটিতে কী পণ্য রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে এতে সামরিক সরঞ্জাম থাকতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
লেনিনগ্রাদ অঞ্চলে ৮০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন দিয়ে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, রাতভর লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ফিনল্যান্ডের সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছিল, লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের দফায় দফায় ড্রোন হামলার সময় একই এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে।
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানিয়েছেন, এই ঘটনার কারণে ওই অঞ্চলে সরবরাহ ব্যবস্থায় কোনো হুমকি তৈরি হয়নি।
পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। অঞ্চলটি বিভিন্ন সময় রাশিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে।
এর আগে রাশিয়া তার জলসীমার বাইরে বাণিজ্যিক জাহাজে হামলাকে সন্ত্রাসবাদ ও সামুদ্রিক জলদস্যুতার কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।
স্পার্টা-২ জাহাজটি রাশিয়ার পতাকাবাহী ১২১ মিটার (৩৯৭ ফুট) দীর্ঘ একটি পণ্যবাহী জাহাজ। এর মালিক ওবোরনলজিস্টিকা। এলএসইজি তথ্য অনুযায়ী, জাহাজটি শুক্রবার সেন্ট পিটার্সবার্গ থেকে যাত্রা শুরু করে।
ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ শাখা, যা ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যবর্তী এলাকা দিয়ে পূর্ব দিকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। গোগল্যান্ড দ্বীপটি এই উপসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত।
